১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা
নতুন পয়গাম, নদীয়া: নদীয়া জেলার করিমপুর অঞ্চলে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এল “সাহায্যের আলো” সংস্থা। সংস্থার পক্ষ থেকে করিমপুর, মুরুটিয়া, হোগলবাড়িয়া ও থানারপাড়া– এই চার থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের অসহায়, দুস্থ, এতিম ও প্রতিবন্ধী মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সংস্থার এই উদ্যোগের মাধ্যমে হিন্দু ও মুসলিম পরিবার মিলিয়ে মোট ১০৭টি অসহায় পরিবারের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সয়াবিন, সেমাই, সার্ফ, সাবান, শ্যাম্পু, হলুদ, জিরা, লঙ্কা, খেজুর, বিস্কুট, মুড়ি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
সংস্থার সদস্যরা নিজ উদ্যোগে বিভিন্ন গ্রামে গিয়ে প্রত্যেকটি পরিবারের বাড়িতে এই সামগ্রী পৌঁছে দেন। এতে করে এলাকার অনেক অসহায় মানুষের বাস্তব অবস্থা ও তাদের দৈনন্দিন দুঃখ-কষ্টের চিত্র সামনে উঠে আসে। এ বিষয়ে সাহায্যের আলো সংস্থার সভাপতি হিরো আনসারী জানান, তিনি নিজে বিভিন্ন গ্রামে গিয়ে ১০৭টি পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, “এত অসহায় মানুষের কষ্ট কাছ থেকে দেখে সত্যিই মনটা ভারী হয়ে যায়। সবাইয়ের পাশে একসাথে দাঁড়ানো হয়তো সম্ভব নয়, তবে আমরা চেষ্টা চালিয়ে যাবো—অন্তত একটু একটু করে তাদের মুখে হাসি ফোটানোর।”
এছাড়াও বিভিন্ন গ্রাম পরিদর্শনের সময় তিনি কয়েকজন এতিম শিশুর খোঁজ পান। তাদের ভবিষ্যতের কথা ভেবে সংস্থার পক্ষ থেকে তাদের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা চলছে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে সেইসব এতিম শিশুদের জন্য নতুন জামা-কাপড়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সকল মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।








