নিজস্ব এলাকা নয়-এই অভিযোগে ভর্তি না নেওয়ার অভিযোগ
বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে শৌচালয়ে সন্তান প্রসব প্রসূতির; ফারাক্কায় তীব্র ক্ষোভ
মুর্শিদাবাদের ফারাক্কায় সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়াল। নিজস্ব এরিয়ার বাইরের রোগী- এই অজুহাতে অন্তঃসত্ত্বা মহিলাকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি নিতে নারাজ হন স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ, রোগীকে পরীক্ষা না করেই অন্য হাসপাতালে রেফার করার নির্দেশ দেওয়া হয়। সেই অবস্থাতেই প্রসব যন্ত্রণায় কাতর ওই মহিলা শৌচালয়ে গিয়ে সন্তান প্রসব করেন।
শনিবার সকালে সংবাদমাধ্যমের সামনে প্রসূতি মহিলার বাবা অভিযোগ করেন, সকালে তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে ফারাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা জানান, মেয়ের বাড়ি ফারাক্কার খোসালপুর এলাকায় হওয়ায় তাঁকে ব্লক হাসপাতালে নিয়ে যেতে হবে। নাকি নির্দেশ রয়েছে- যাদের বাড়ি ব্লক হাসপাতালের কাছাকাছি, তাঁদের সেখানেই চিকিৎসা করাতে হবে। এমন নির্দেশ সম্বলিত একটি নোটিশ হাসপাতাল চত্বরে ঝোলানো আছে বলেও অভিযোগ।
পরিবারের লোকজন মেয়েকে হাসপাতালে একটি বেডে বসিয়ে রাখেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা মহিলা শৌচালয়ে যান এবং সেখানেই সন্তান প্রসব করেন বলে পরিবারের দাবি। পরে দ্রুত তাঁকে ও নবজাতককে বেডে নিয়ে আসা হয়। সৌভাগ্যবশত, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন ফারাক্কার বিজেপি যুব মোর্চার সভাপতি রৌনক সাহা। তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে বিষয়টি তুলে ধরেন, যা মুহূর্তের মধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফারাক্কা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. মসিউর রহমান, মুর্শিদাবাদের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. তারিফ হোসেন এবং ফারাক্কা থানার পুলিশ।
যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই মহিলা শৌচালয়ে নয়, হাসপাতালের বেডেই সন্তান প্রসব করেছেন। তবে ওই অবস্থায় তাঁকে অন্য হাসপাতালে যেতে বলা হয়েছিল কি না এবং কেনই বা এমন নির্দেশ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।








