সামনে বেঙ্গালুরুর,তাই আত্মবিশ্বাসী মহামেডান,প্রতিশোধের আগুনে ফুটছে বেঙ্গালুরুও
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম, গোয়া
শিরোনাম দেখে মনে হতে পারে,যে মহামেডান অস্তিত্ব হীনতায় ভুগছে,সেই মহামেডান শক্তিশালী বেঙ্গালুরুর সাথে কিভাবে আশার আলোর দেখতে পারে!
আসলে এর কারন হল, গত আইএসএলে মহামেডান যে দুটি ম্যাচ জিতেছিল,সে দুটোর মধ্যে একটা ছিল বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে।আর একটা ম্যাচে শেষ মূহুর্তে হারে।
তাই গ্রুপ পর্বে বৃহস্পতিবার মহামেডান প্রেমীদের জন্য আশার আলো একটাই; বেঙ্গালুরু।
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফাতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’র খেলায় সমগ্র মহামেডান সমর্থকদের নজর থাকবে।
অন্যদিকে, বেঙ্গালুরু এফসির জন্য এই ম্যাচ কেবল তিন পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাস ও মর্যাদা ফিরে পাওয়ার লড়াই। গত মরশুমে ঘরের মাঠে তারা মাত্র তিনবার হেরেছিল। তার মধ্যে মহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে এক ম্যাচে পরাজিত হয়। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া তারা।
বেঙ্গালুরুর স্প্যানিশ কোচ জেরার্ড জারাগোজা ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা এবার আরও সরাসরি ফুটবল খেলতে চাই। দ্রুত পাসে প্রতিপক্ষের লাইন অতিক্রম করে গোলের সামনে পৌঁছনোই আমাদের লক্ষ্য। গত মৌসুমে রক্ষণভাগে আমরা ভালো ছিলাম, কিন্তু আক্রমণে ধার কম ছিল। এবার সেই জায়গাটিতে উন্নতি করাই প্রধান উদ্দেশ্য।”
দলের অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বলেন, “প্রতিযোগিতামূলক ফুটবলে ফের ফিরে আসাটা দারুণ লাগছে। সবাই কঠোর পরিশ্রম করছে, ছন্দে ফেরাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ থাকা এবং প্রতিটি অনুশীলনে উন্নতি করাটাই আমাদের মূল লক্ষ্য।”
অন্যদিকে, কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং এবারও নিজেদের শৃঙ্খলিত ফুটবল প্রদর্শনের প্রত্যয়ে মাঠে নামবে। দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, “আমরা জানি বেঙ্গালুরু অভিজ্ঞ ও শক্তিশালী দল। কিন্তু এই ধরনের ম্যাচই ফুটবলারদের পরীক্ষা নেয় এবং উন্নতির সুযোগ দেয়। আমরা আমাদের স্টাইলে খেলব, নিজের সেরাটা দেব।”
তিনি আরও যোগ করেন, “ফুটবলে কখনও কখনও ফলাফল তোমার পক্ষে যায় না, কিন্তু পারফরম্যান্সই আসল। আমি ছেলেদের বলেছি, স্বাধীনভাবে খেলো, খেলার আনন্দ নাও। যখন তারা নিজেদের প্রকাশ করে, তখনই সেরা ফুটবলটা বেরিয়ে আসে।”
দলের তরুণ ডিফেন্ডার সাজ্জাদ হোসেন পারে বলেন, “এটি আমাদের জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর মতো দলের বিপক্ষে খেলে নিজেকে প্রমাণ করা যায়। আমরা তরুণ, উদ্যমী এবং জয়ের জন্য প্রস্তুত।”
তবে বিদেশীহীন তরুন মহামেডান নিজেদের কতটা মেলে ধরতে পারে,সেটাই দেখার।
আজ সুপার কাপেঃ
মহামেডান বনাম বেঙ্গালুরুর এফসি।
সরাসরি সম্প্রচারঃ জিও হটস্টারে।








