চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ ডুয়ার্সের দেবপাড়া চা বাগান থেকে ফের একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মাসের ব্যবধানে একই চা বাগান থেকে আবারও চিতাবাঘ ধরা পড়ায় শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দেবপাড়া চা বাগানটি বন্ধ ছিল। সেই সময়ে বাগানের বিভিন্ন অংশে ঝোপঝাড় ও ঘন জঙ্গল তৈরি হয়ে যায়। পরে বাগানটি পুনরায় খোলার পর থেকেই শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা প্রায়ই চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করতে শুরু করেন। এতে চা বাগানের শ্রমিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়।
পরিস্থিতি মোকাবিলায় চা বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের কাছে খাঁচা পেতে চিতাবাঘ ধরার আবেদন জানায়। সেই অনুযায়ী বনদপ্তর বাগানের বিভিন্ন জায়গায় খাঁচা পাতে। রবিবার রাতে বাগানের ২৯ নম্বর সেকশনে পাতানো একটি খাঁচায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
চা বাগানের শ্রমিকদের দাবি, গত এক মাসে ওই বাগান এলাকা থেকে একাধিক চিতাবাঘ ধরা পড়েছে। তাঁদের আশঙ্কা, বাগানের ঝোপঝাড় ও ঘন জঙ্গলের মধ্যে এখনও আরও কয়েকটি চিতাবাঘ লুকিয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সতর্কতার সঙ্গে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হয়েছে।








