এসআইআর শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, চাঞ্চল্য ধূপগুড়ি বিডিও অফিসে
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: এসআইআর শুনানি কেন্দ্রের নোটিশ হাতে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে। অসুস্থ ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত মহিলার নাম মঞ্জিনা খাতুন (৩০)। তিনি মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলঢাকা ময়নাতলী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালবেলা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এসআইআর শুনানির জন্য ধূপগুড়ি বিডিও অফিসে হাজির হয়েছিলেন তিনি। অভিযোগ, নির্দিষ্ট সময়ে আধিকারিকদের দেখা না মেলায় নোটিশ নিয়ে শুনানির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মঞ্জিনা খাতুন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এদিকে, নির্দিষ্ট সময়ে এসআইআর শুনানি শুরু না হওয়াকে কেন্দ্র করে শুনানি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। বাসিন্দাদের সঙ্গে আধিকারিক ও বিএলও-দের মধ্যে তর্কবিতর্কের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। আসিদুল হক বলেন, “সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিল হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় হাত পা খিচুনি শুরু হয়। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে। সকাল ৯ঃ০০ টার সময় আমাদের ডাকা হলেও হিয়ারিং শুরু হয়েছে এগারোটার পরে।”








