বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় ৮২তম ইসালে সাওয়াব মাহফিল সমাপ্ত, ৬৪ জনকে পাগড়ি প্রদান ও দশ হাজার মানুষের ইফতার
নতুন পয়গাম, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঐতিহ্যবাহী বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৮২তম ইসালে সাওয়াব মাহফিল ধর্মীয় আবহ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হলো। রমজান মাসকে সামনে রেখে আয়োজিত এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতো শেষ দিনেও প্রায় দশ হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। মাহফিলের শেষ দিন ছিল নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ভরপুর। বিশেষ আকর্ষণ ছিল হাফেজ ক্বারীমুল্লাহ, যিনি মাত্র সাড়ে নয় মাসে পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ হিফজ করে এক বৈঠকে কোরআন তিলাওয়াত করে খতম করেন। তাঁর এই অসাধারণ সাফল্যে উপস্থিত সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া করেন। জানা যায়, হাফেজ ক্বারীমুল্লাহর বাড়ি মালদা জেলায়।
এদিন মাদ্রাসার ছাত্রদের মধ্যে যারা সফলভাবে কোরআন হিফজ সম্পন্ন করেছে, তাদের সম্মান জানিয়ে পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ৬৪ জন ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়, যার মধ্যে হাফেজ বিভাগ থেকে ২১ জন ছাত্র হিফজ সম্পন্ন করেছে। উলামায়ে কেরাম ও বিশিষ্ট অতিথিরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন এবং ভবিষ্যতে ইসলামি শিক্ষা ও নৈতিকতার আলো সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মাহফিল জুড়ে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও গুরুত্বপূর্ণ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। এসময় হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মতের কল্যাণ ও শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সম্পাদক আব্দুল হাসিম মন্ডল, সহ-সভাপতি আবু ইসহাক বাবু গাজী, যুব সম্পাদক আবিদ আলী গাজী-সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী, বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সম্পাদক মো :জাহিদুল সরদার। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই অনুষ্ঠানে অংশ নেন।
তিন দিনব্যাপী এই ইসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এ বছরের অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী বছর আরও বড় পরিসরে এই মাহফিল আয়োজনের পরিকল্পনা রয়েছে।এ প্রসঙ্গে মাদ্রাসার সহ-সভাপতি আবু ইসহাক বাবু গাজী, আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সম্পাদক মোহাম্মদ জাহির হোসেন বলেন, “প্রতি বছরের মতো এবারও ইসালে সাওয়াব মাহফিল অত্যন্ত শান্তিপূর্ণ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও এই মাদ্রাসাকে কেন্দ্র করে ধর্মীয় শিক্ষা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির বার্তা আরও বিস্তৃত করার চেষ্টা চালিয়ে যাব।”








