ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল ৭১ মাওবাদী, ৩০ জনের মাথার দাম ৩০ লক্ষ
নতুন পয়গাম রায়পুর ২৪ সেপ্টেম্বর
ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় অস্ত্রসস্ত্রসহ ৭১ জন মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন। বুধবার এই ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী এটি বড় সাফল্য হিসেবে দেখছে।
আত্মসমর্পণকারী মাওবাদীরা জানান, ‘নৃশংস’ ও ‘আমানবিক’ মাও আদর্শে হতাশ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে ৩০ জনের সম্মিলিত মাথার দাম প্রায় ৩০ লক্ষ টাকা, এবং তাদের মধ্যে রয়েছে দুই নাবালিকা ও এক নাবালক।
মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ছত্তিশগড় সরকার ২০২৫ সালে ‘নকশাল আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি’ আপডেট করেছে। নতুন নীতিতে আত্মসমর্পণকারীদের জন্য রয়েছে:
- পুনর্বাসন ও চাকরির সুযোগ
- আর্থিক পুরস্কার
- আইনি সুরক্ষা
উচ্চপদস্থ ক্যাডার যেমন রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর সদস্যদের এককালীন ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। যারা লাইট মেশিনগানসহ আত্মসমর্পণ করবেন, তারা পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার।
যদি কোনো মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করে, তাহলে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসন প্যাকেজে রয়েছে সন্তানদের শিক্ষায় সহায়তা এবং চাকরির নিশ্চয়তা।
ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে চলমান মাও-দমন অভিযানের মধ্যে এই আত্মসমর্পণকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।








