এডুকেশন পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় ৪২ ছাত্রী
অবশেষে হস্তক্ষেপ উচ্চ শিক্ষা দফতরের
এজাজ আহম্মেদ, কান্দি:
উচ্চ মাধ্যমিকের সেমিস্টারভিত্তিক পরীক্ষা শুরু হলেও মুর্শিদাবাদের কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪২ জন ছাত্রী এডুকেশন বিভাগের পরীক্ষায় প্রবল অনিশ্চয়তার মুখে পড়ে। কারণ, তাদের অ্যাডমিট কার্ডে এখনও পর্যন্ত এডুকেশন বিভাগের নাম নেই।
এই বিদ্যালয়ের মোট ১৯৯ জন ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী। অন্যরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলেও কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ৪২ জন ছাত্রী সেই সুযোগ পাননি। ফলে পরীক্ষার আগের দিনেই তৈরি হয় প্রবল দুশ্চিন্তা। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের গাফিলতির কারণেই অ্যাডমিট কার্ডে বিষয়ের নাম আসেনি।
বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও প্রাথমিকভাবে তাঁরা গুরুত্ব দেননি বলে অভিযোগ। পরে তড়িঘড়ি কান্দি পৌরসভার চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জয়দেব ঘটক এবং কান্দি বিধায়ক অপূর্ব সরকার উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেন।
গতকাল সন্ধ্যায় উৎকণ্ঠিত ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের কাছে যান। দীর্ঘ আলোচনা ও উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে সরাসরি বৈঠকের পর শুক্রবার পরীক্ষায় বসার অনুমতি পান ওই ৪২ ছাত্রী।
চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, “আমরা বিষয়টি জানার পরেই বিধায়ককে জানাই। উচ্চ শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে শুক্রবার তারা পরীক্ষা দিতে পারবেন। যদিও অ্যাডমিট কার্ডের সংশোধন হবে ২৩ সেপ্টেম্বর। কার গাফিলতির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে তা তদন্ত করে দেখা হবে।”
উচ্চ শিক্ষা দফতরের দ্রুত হস্তক্ষেপে পরীক্ষার্থীদের সঙ্কট আপাতত মিটলেও অ্যাডমিট কার্ড নিয়ে গাফিলতির অভিযোগে স্কুল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে অভিভাবক ও পড়ুয়ারা।








