ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছর জেল
নতুন পয়গাম, ব্রাসিলিয়া, ১১ সেপ্টেম্বর:
ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো’কে অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ বলসোনারো এবং তাঁর আমলের ৭ মন্ত্রী, আমলা ও সেনা প্রধানকে এই কারাদণ্ড দেন। ২০২২ সালে নির্বাচিত প্রেসিডেন্ট লুলা ডিলভা’কে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র-সহ পাঁচটি গুরুতর অভিযোগের সবগুলোতেই বলসোনারো’কে দোষী সাব্যস্ত করেন চার বিচারপতি। একজন ভিন্ন মত পোষণ করেন। ডোনাল্ড ট্রাম্পের অনুগত ৭০ বছর বয়সী বলসোনারোকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে।
বলসোনারো ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তবে সাজাপ্রাপ্তরা রাজনৈতিক দমনপীড়নের শিকার বলে অভিযোগ করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো বর্তমানে গৃহবন্দী। অনুমান করা হচ্ছে, এই রায়ের ফলে আমেরিকার সঙ্গে ব্রাজিলের সম্পর্কে ফাটল আরো বাড়বে। এমনিতেই ভারত এবং ব্রাজিলের ওপর সবথেকে বেশি ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত এবং খুবই অসন্তুষ্ট। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে এভাবে হয়রানি করা হচ্ছে।








