গ্রামীণ চিকিৎসক সমিতির ১৪তম জেলা সম্মেলন
নতুন পয়গাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির ১৪তম বাৎসরিক জেলা সম্মেলন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়েছে বহরমপুর রবীন্দ্র সদনে। মঙ্গলবার সকাল ১০টায় সমিতির জেলা সম্পাদক নুরুল ইসলাম পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। প্রায় ৭৫০ জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন ।
গ্রামীণ চিকিৎসকদের সরকারি স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রফেসর ডা. ওয়াসিম বারি, ডা. ভাস্কর মিত্র, প্রসূতিবিদ ডা. আবুল কালাম আজাদ ও ডা. ধ্রুবজ্যোতি সাহা, এবং আইনজীবী মুহাম্মদ ফিরোজ। কলকাতার কার্ডিয়াক সার্জন ডা. কুণাল সরকারের প্রতিনিধিত্ব করেন মিজানুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক জামালউদ্দিন শেখ। বক্তারা গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায় গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
সমিতির জেলা সম্পাদক নুরুল ইসলাম এবং সভাপতি আশরাফুল ইসলাম জানান, দীর্ঘদিন গ্রামে পরিষেবা দেওয়া সত্ত্বেও গ্রামীণ চিকিৎসকরা সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ‘হেলথ প্রভাইডার’ হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেও, প্রতিটি মহকুমায় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রশিক্ষণ এবং তার ভিত্তিতে সরকারি সার্টিফিকেশন চালুর দাবি জানান সমিতির নেতৃত্ব।








