এসআইআর: মনিটরিং করুক আদালত, মমলা হাইকোর্টে
নতুন পয়গাম,কলকাতা:
রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জল গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। উচ্চ আদালতের মনিটরিং বা নজরদারিতে হোক পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া। এই দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে গিয়েছে বিষয়টি। মামলাকারীর দাবি, আগে থেকে সময় নিয়ে কেন এসআইআর করা হল না? ভোটের মুখে তড়িঘড়ি কেন করা হচ্ছে? আরো দাবি, হাইকোর্টের নজরদারিতে হোক সমগ্র প্রক্রিয়া। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

হাইকোর্টের কাছে এসআইআর সংক্রান্ত একাধিক আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। হাইকোর্টে আর্জি জানানো হয়েছে, এসআইআরের সময়সীমা বৃদ্ধি করা হোক। কেন এসআইআর হচ্ছে? তার প্রয়োজনই বা কী, এসব বিস্তারিতভাবে আদালতকে জানাক জাতীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে আবেদনে এও বলা হয়েছে, ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন।








