আল্লাহ চাইলে কাশ্মীর দ্রুত মর্যাদা ফিরে পাবে: ফারুক আব্দুল্লাহ
নতুন পয়গাম, রাজৌরি, ১৪ সেপ্টেম্বর:
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ ফারুক আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে উপত্যকা। শনিবার এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করে বলেন, কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা ফিরে দিতে বাধ্য হবে কেন্দ্র সরকার। তাঁর কথায়, জম্মু ও কাশ্মীরের মানুষ ১৯৪৭ সাল থেকে নানারকম কঠিন চ্যালেঞ্জ সহ্য করে আসছে। তবে কোনকিছুই স্থির নয়, সবকিছুই চলমান ও পরিবর্তনশীল। আল্লাহর ইচ্ছায়, এখানে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং আমি আশা করি, আমাদের দেশের সরকার উপত্যকাবাসীর আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে কাশ্মীরকে পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে। খুব শিগগিরই কাশ্মীর তার মর্যাদা ফিরে পাবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গতবছর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে জিতে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হন ফারুক আব্দুল্লাহর ছেলে ওমর আব্দুল্লাহ। রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে প্রথম থেকেই সরব ফারুক ও তার পুত্র ওমর আব্দুল্লাহ। ২০১৯ সালের আগস্ট মাসে ৩৭০ ধারা প্রত্যাহার করে নরেন্দ্র মোদি সরকার। সেই থেকেই গত ৫ বছর ধরে বিশেষ মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল হয়েছে জম্মু-কাশ্মীর। ভূস্বর্গকে দু-টুকরো করে লাদাখকেও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করেছে মোদি সরকার।








